আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজের ঘটনায় দগ্ধ নারীর মৃত্যু



অগ্নিকাণ্ডআশুলিয়ায় রান্না করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে দগ্ধ একই পরিবারের ৫ সদস্যের মধ্যে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশুলিয়া থানার পরিদর্শক জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসিনা তার স্বামী আরব আলীর সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে জামগড়া এলাকায় আব্দুল হামিদের ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। এ ঘটনায়  তার স্বামী আরব আলী (৫০), ছেলে আব্দুর রউফ (২৫), আব্দুর রউফের স্ত্রী রিপা (২০) ও মেয়ে আয়েশা মণি (২) ঢাকা মেডিকেল  কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তারা সবাই চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্ধা।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে হাসিনা বেগম সকালের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে যায়। এসময় গ্যাসের চুলা ধরানোর উদ্দেশে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের লিকেজ থেকে পুরো কক্ষ আগুনে ছড়িয়ে পড়তে থাকে। এতে হাসিনাসহ তার পরিবারের আরও চার সদস্য দগ্ধ হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন- আশুলিয়ায় গ্যাস লাইনে লিকেজ, নারী ও শিশুসহ একই পরিবারে দগ্ধ ৫