ধামরাইয়ে ভুয়া ডিবি পুলিশের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, হ্যান্ডকাপ ডিবির দুটি পোশাক উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান। এর আগে গত শুক্রবার ও শনিবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, জসিম (৩২), আশরাফুল ইসলাম (৩৭), আলমগীর হোসেন (২৭), আলমগীর শেখ (৩৫), দেলোয়ার হোসেন (৪৫), মাসুম খান (২৬), রফিকুল ইসলাম (৩৬) ও মোস্তফা মিয়া (৪৪)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট সাব্বির আলম তার স্ত্রীকে নিয়ে ধামরাই বাজার এলাকার একটি ব্যাংক থেকে তিন লাখ ২৫ হাজার টাকা তুলে কুল্লা ইউনিয়নের হিরানদী এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় পৌঁছালে ভুয়া ডিবি দলের সদস্যরা তাদের পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে ওই দম্পত্তির কাছে থাকা নগদ টাকা লুটে নিয়ে তাদের রাস্তার পাশে একটি নির্জন জায়গায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সাব্বির আলম ওই দিনই ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ ভুয়া ডিবি সদস্যদের মাইক্রোবাস শনাক্ত করে ও পরে এই চক্রের আট সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের দুটি পোশাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল, মাইক্রোবাস, প্রাইভেটকার ও নগদ চার হাজার সাতশ’ টাকা উদ্ধার করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন,‘আটককৃতরা একটি চক্র, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংকের গ্রাহক সেজে ওঁৎ পেতে থাকে। কেউ বেশি টাকা উঠালেই ওই ব্যক্তিরা পিছু নিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার কাছে থেকে সর্বস্ব লুটে নেয়। এই চক্রের সদস্যরা সাভার, আশুলিয়া, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়াও এই চক্রের আরও সদস্য রয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।