আটক দুই জন হলেন-রুপগঞ্জের মুড়াপাড়া নগর এলাকার আলমাছ আলীর ছেলে ফারহান ওরফে ফালান (৩৬) ও গঙ্গানগর এলাকায় আনোয়ার আলীর ছেলে সেলিম (৩৪)।
পরিদর্শক রফিকুল ইসলাম জানান,আটক দুই জনকে ৫টি ককটেল ও দুটি রামদাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া দাবি করেন তাকে হত্যার উদ্দ্যোশেই মুড়াপাড়া আওয়ামী লীগের কার্যালয়ে গুলি ছোড়া হয়েছে। তবে, তিনি ওই সময় কার্যালয়ে ছিলেন না। তিনি ভুলতায় একটি সভায় ছিলেন।
মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ বলেন, ‘সোমবার বিকালে মুড়াপাড়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুলির কোনও ঘটনা ঘটেনি। গুলির ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। প্রতিদিনই মুড়াপাড়া এলাকায় এমপি গোলাম দস্তগীর গাজীর সমর্থক ও চেয়ারম্যান শাহজাহান সমর্থক দলীয় নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে মিছিল করে আসছে। সোমবার বিকালে এমপি সমর্থক ও নেতাকর্মীরা এলাকায় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান শাহজাহানের লোকজন সবজি বিক্রেতা সেলিম ও মাংস বিক্রেতা ফারহান ওরফে ফালানকে ধরে মুড়াপাড়া আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নিয়ে আটকে রেখে মারধর করে। পরে দুই জনকে দুটি রামদা ও ককটেল দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। যাদেরকে পুলিশে দেওয়া হয়েছে, তারা নিরীহ মানুষ। থানায় তাদের বিরুদ্ধে একটি জিডিও নেই।