সোনারগাঁয়ে স্টিল মিলে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুনতাহা স্টিল মিলে গলিত লোহা গায়ে পড়ে দগ্ধ শ্রমিকদের মধ্যে দুজন মারা গেছেন। শুক্রবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তৈরির সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হন।

নিহতরা হলেন— মাসুম ও নয়ন। মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানী পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। নিহত দুজনেরই শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

এএসআই আবদুল খান জানান, সোনারগাঁয় স্টিলমিলে ১৩ জন দগ্ধ হন। এদের মধ্যে মাসুম ও নয়ন নামে দুজনের মৃত্যু হলো। শুক্রবার দিনগত রাত ২টায় মাসুম ও রাত সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান। দগ্ধ বাকি শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহত দুজন মুনতাহা স্টিল মিলের জেনারেল হেলপার।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকার মুনতাহা স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ অন্য শ্রমিকরা হলেন— মানিক (২৬), শাকিল (২৬), জাফর (২৫), রূপক (২০), সুজন (২৮), আরিফ (২৩), রানা(২২), সজিব (২৫), সালাউদ্দিন (২৬), গোপাল মণ্ডল (২৭) ও কবির (৩৫)। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।