আ. লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শিবপুরে বিক্ষোভ

মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

নরসিংদী-৩ আসনে (শিবপুর) আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকরা। সোমবার (২৬ নভেম্বর) উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে এমপি সিরাজুল ইসলামের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসিম আহমেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ বাবলু।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশসমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহনকে পরিবর্তন করে এমপি সিরাজুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাচ্ছি।

তারা আরও বলেন,সোমবার বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে জানা যায় মনোনয়ন পেয়েছে সিরাজুল ইসলাম। এতে দলীয় নেতাকর্মীরা খুশি হয়েছিলেন। হঠাৎ করে জহিরুল হকের মনোনয়ন পাওয়ার খবরে আমরা হতাশ হয়েছি। শিবপুরে দলীয় প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করতে সিরাজুল ইসলামের বিকল্প নেই।

এমপি সিরাজুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দলীয় মনোনয়ন পরির্তনের সময় এখনও আছে। আমি দলীয় হাইকমান্ডে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাবো। যদি মনোনয়ন পরির্তন না হয় জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও আগামী ২৮ নভেম্বর আবারও আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবো। আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো, কেউ হতাশ হবেন না।’