‘নির্বাচন থেকে কালো টাকা ও পেশিশক্তি দূর করতে হবে’

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আব্দুল মঈন খান (ছবি– প্রতিনিধি)

আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তি দূর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমাদানের সময় তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মঈন খান বলেন, ‘আমি কখনো কালো টাকা দিয়ে নির্বাচন করিনি, ভবিষ্যতেও করতে চাই না। নির্বাচনে মানুষ যদি আমাকে চায়, তাহলে জনপ্রতিনিধি হবো। আর যদি না চায়, তাহলে মানুষের পকেটে জোর করে কালো টাকা ঢুকিয়ে জনপ্রতিনিধি হতে চাই না। কালো টাকার দৌরাত্ম্য নির্বাচন থেকে দূর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে দু’টি কথা প্রচলিত আছে, এর একটি হলো পেশিশক্তি ও আরও একটি কালো টাকা। এগুলো নির্বাচন থেকে দূর করতে না পারলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না।’

এদিকে, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের পক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার মনোনয়নপত্র জমা দেন। সহকারী রির্টানিং কর্মকর্তা ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর হাতে তারা মনোনয়নপত্র জমা দেন।