শোলাকিয়া হামলা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

01কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় জঙ্গি হামলার মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালাত। বুধবার (২৮ নভেম্বর) সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.হাবিবুল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষীর তারিখ নির্ধারণ করেন।

আসামিরা হলেন, কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকার জাহিদুল হক তানিম, গাইবান্ধার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাঁপাইনবাবগঞ্জের হাজারদিঘা গ্রামের মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধার পান্থাপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও কুষ্টিয়ার সাদিপুর কাবলিপাড়া গ্রামের আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ।

এ মামলার মোট ২৪ জন আসামি ছিল। এরমধ্যে ১৯ জন জঙ্গি হামলা চালাতে গিয়ে অথবা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিভিন্ন সময় মারা যায়। তাই অন্যদের অব্যাহতি দিয়ে জীবিত পাঁচজনকে মামলার চার্জশিটভুক্ত আসামি করা হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছে।

জেলা পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান,সন্ত্রাস দমন আইনে আসামিদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছে। সাক্ষীর জন্য আদালত আগমী ১৫ জানুয়ারির দিন ধার্য করে দিয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরে সকাল পৌনে ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে আজিমউদ্দিন হাইস্কুল সংলগ্ন রাস্তায় মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী জঙ্গিরা। প্রায় দুই ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এসময় জঙ্গিরা পুলিশের দুই কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল হককে হত্যা করে। এ ঘটনায় আহত হন পুলিশের অন্তত ৮ সদস্য। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আহত অবস্থায় আটক করা হয় শফিউল ইসলাম ডন নামে এক জঙ্গিকে। পরে সেও মারা যায় র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে। ঘটনার সময় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক।