বিএনপির কোষাধ্যক্ষ সিনহার বিরুদ্ধে মামলা

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহামুন্সীগঞ্জের টংগিবাড়ী বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক বাদী টংগিবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

বুধবার দুপুর ১২টার দিকে মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র দাখিল করতে গেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার রাতে দায়ের করা পৃথক তিনটি মামলায় ১৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই-তিনশ’ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহাকে আসামি করা হয়েছে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মিজানুর রহমান সিনহাকে এ মামলায় আসামি করা হয়েছে। এছাড়া বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সংক্রান্ত মামলা ও পুলিশের ওপর হামলার মামলায় বাদী হয়েছে টংগিবাড়ী থানার এস আই মুজাহিদ। এ ঘটনায় ১০ জনকে আটক এবং ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় টংগিবাড়ী থানার দুই কনস্টেবল ফারুক ও জীবন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা হয়েছে বলে জানান বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে করা মামলা আমি আইনিভাবে মোকাবিলা করব। তবে, গতকালের (বুধবার) ঘটনায় যারা মূলত দায়ী তাদের বিরুদ্ধে আমার পক্ষের আহতরা মামলা করেছেন। এতে উল্লেখযোগ্য আসামি করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিককে।’

মিজানুর রহমান সিনহা বলেন, ‘সংঘর্ষের সময় আমরা নিজেরাই পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।’

তবে, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, ‘মিজানুর রহমান সিনহা পক্ষের কেউ এখনও কোনও মামলা করেনি ‘

এ ব্যাপারে রিপন মল্লিকের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে বিএনপির জেলা সভাপতি আব্দুল হাই বলেন, ‘আমি নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। এসব ব্যাপারে আমি কিছুই জানি না। তবে বিএনপির এখন এমন অবস্থা নেই যে কোনও সংঘর্ষে জড়াবে।’