মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে আগুন লেগে দুই দোকান পুড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুই জন হলেন– ব্যবসায়ী মানিক মিয়া ও নূরুল ইসলাম। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের সূত্রে ফায়ার সার্ভিস জানায়, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ঝিটকা বাজারের বাবুল হোসেনের লেপ-তোষকের দোকানে আগুন লাগে। এরপর তা পাশের শহীদুল ইসলামের চালের গুদামে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে মানিক মিয়া ও নূরুল ইসলাম আহত হন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
ঝিটকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের দাবি, ‘আগুনে তাদের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাবজাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শট-সার্কিট বা সিগারেটের আগুন এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’