গাজীপুরে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

গাজীপুর

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার গাজীপুরে ৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন– গাজীপুর-১ (কালিয়কৈর) আসনে জাতীয় পার্টির শরীফুল ইসলাম, বাংলাদেশের ওয়াকার্স পার্টির আব্দুল মজিদ ও গণফোরামের রফিকুল ইসলাম, গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির মাহবুবুল আলম ও জয়নাল আবেদীন, গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালি-মির্জাপুর) আসনে বাসদের জহিরুল ইসলাম মন্ডল বাচ্চু এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলদেশের আল আমিন দেওয়ান।

ডিসি ও নির্বাচনের রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন গাজীপুরের ৫ আসনে মোট ৩২ জন প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।