লতিফ সিদ্দিকীর অবস্থার অবনতি, বিএসএমএমইউতে স্থানান্তর

01তিন দফা দাবিতে আমরণ অনশনের চতুর্থ দিনে আওয়ামী লীগের সাবেক প্রেডিয়াম সদস্য টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাকে নিয়ে সরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এদিকে আজ সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকীর অসুস্থ হলে জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তিন সদস্যের মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করেন। মেডিক্যাল টিমের পরামর্শে লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন তুষার বলেন, ‘তিনদিন ধরে কিছু না খাওয়ার কারণে তার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তার রক্তচাপ কমে যাচ্ছে। চিকিৎসা না পেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা তাকে তার শরীরের অবস্থা বিষয় নিয়ে বুঝিয়েছি। উনি হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হয়েছেন।’

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে থেকে অনুমতি নিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য দুপুরে বিএসএমএমইউতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওইদিন দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।