ঢাকা-২০ (ধামরাই) আসনে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ ইসরাফিল খোকন। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
মোহাম্মদ ইসরাফিল খোকন বলেন, ‘ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ প্রার্থী বেনজির আহম্মেদকে সমর্থন দিয়ে আমি ভোট থেকে সরে দাঁড়াচ্ছি। আমার দলীয় নেতাকর্মীদের নৌকা মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি নৌকার বিজয়ের জন্য কাজ করার আহ্বানও জানাচ্ছি।’
ঢাকা-২০ আসনে আইনি জটিলতায় বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান। জাতীয় পার্টির প্রার্থী সরে দাঁড়ানোতে এখন এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিপক্ষে রয়েছেন ইসলামী আন্দেলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল মান্নান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী এম এ মান্নান।