ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা আমার ও আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের চেনে সবাই। এই ঘটনায় আমি অভিযোগ কার কাছে দেবো? যাদের কাছে অভিযোগ দেবো, তারাই তো এখন বিচারকের ভূমিকা পালন করছে।’
গত ২৫ ডিসেম্বর বিকাল ৫টায় কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে পরিচর্চা ক্লিনিকের সামনে গণসংযোগের সময় গয়েশ্বর চন্দ্র রায় হামলার শিকার হন। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১টায় তিনি এসব মন্তব্য করেন। এসময় কেরানীগঞ্জের স্টান্ডবাজার এলাকায় নির্বাচনি পথসভায় কথা বলছিলেন তিনি।
পথসভায় দেওয়া বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের পদ একটি সাংবিধানিক পদ। তিনি এই পদকে কলঙ্কিত করছেন। প্রধান নির্বাচন কমিশনার এখন যেন প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করছেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে শত শত মামলা করা হয়েছে, তার সবগুলোর বাদী হচ্ছে পুলিশ। দেশের মালিক হলো জনগণ। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কিন্তু জনগণ আজ আতঙ্কিত। জনগণের ভোটের স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত।’
নির্বাচনে সমান সুযোগ পেলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সুলতান নাসের, আবু বকর সিদ্দিক কাউছার ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান সোহেল প্রমুখ।