একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ রাজু। শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তারা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মৃণাল কান্তি দাস বলেন, ‘মুন্সীগঞ্জ-৩ আসনে (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) জাতীয় পার্টি প্রার্থী দিয়েছিল। যদিও এখন প্রার্থিতা প্রত্যাহারের কোনও সুযোগ নেই, তবু গতকাল তিনি আমাকে জানিয়েছিলেন, এই আসনে আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আমাকে সমর্থন জানান। কিছুদিন আগে থেকেই তিনি প্রচার-প্রচারণা স্থগিত রাখেন।’
তিনি আরও বলেন, ‘এখানে জাতীয় পার্টির জেলা সভাপতি কুতুব উদ্দিনসহ অন্যরা উপস্থিত আছেন। আমরা তাদের স্বাগত ও অভিনন্দন জানাই। গত দশ বছর আমরা মহাজোটে থেকে একসাথে পথ চলেছি। আমি বিশ্বাস করি, এই সমর্থন আমাদের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।’
মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ রাজু বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলাম। মহাজোটের নেত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি আনুগত্য রেখে মহাজোট প্রার্থী মৃণাল কান্তি দাসকে সমর্থন দিয়েছি।’
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।