দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় গাড়ির দীর্ঘ লাইন

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ জট (ছবি– প্রতিনিধি)

ফেরি স্বল্পতার পাশাপাশি বাড়তি গাড়ির চাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার বিকাল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন দেখা যায়।

এদিকে, শুক্রবার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী শাহজালাল নামের একটি ফেরির সাইলেন্সারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের দাবি, বিরতিহীনভাবে চলাচল করায় ফেরির সাইলেন্সারে আগুন লাগে। তবে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে ফেরিটিকে দৌলতদিয়া ৪ নম্বর ঘাটে রাখা হয়। এরপর আবার বিকাল ৫টা থেকে চলাচল শুরু করে ফেরিটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রামে যাওয়া মানুষজন গত বুধবার থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রাজধানীর দিকে ফিরতে শুরু করেছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। কিন্তু ৩টি ফেরি বিকল থাকায় এবং ড্রেজিংজনিত কারণে পাটুরিয়ার ৪ ও ৫ নং ঘাট দিয়ে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।

চালক ও যাত্রীদের ভাষ্য, দৌলতদিয়া ফেরিঘাট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারজুড়ে দুই সারিতে ৪ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে আছে। এ ছাড়া, দৌলতদিয়া ট্রাক টার্মিনালে গতকাল রাত থেকে আটকে আছে আরও শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান।

হারুন মিয়া নামের এক ট্রাকচালক বলেন, ‘বৃহস্পতিবার বিকালে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়েছি। শুক্রবার বিকাল গড়িয়ে গেলেও ফেরির নাগাল পাচ্ছি না।’

দৌলতদিয়া ঘাটে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিজিবির শতাধিক গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়েছে। তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনি দায়িত্ব শেষে ঢাকায় ফিরছিলেন। এ ছাড়া, নির্বাচনজনিত কারণে এলাকায় যাওয়া অসংখ্য মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এ কারণে ঘাটে বাড়তি চাপ পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম বলেন, ‘রুটে ১৭টি ফেরির মধ্যে ৩ দিন ধরে ইউটিলিটি ফেরি মাধবীলতা ও ২ দিন ধরে রজনীগন্ধা নামের দু’টি ফেরি বিকল। এ ছাড়া, রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রায় ৪ মাস ধরে বিকল। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তবে বাড়তি যানবাহনের চাপ ও পাটুরিয়া ঘাট সমস্যার কারণে দৌলতদিয়ায় সিরিয়ালে কিছু যানবাহন আটকা পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’