জানা গেছে, সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন, সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শেখ, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. সোলাইমানসহ ফায়ার সার্ভিস, বিদ্যুত বিভাগ ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শেখ বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বুধবার সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকার প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সানারপাড় এলাকায় লোহার কাঠামোর ওপর নির্মিত একটি দোতলা ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ১২-১৩টি অবৈধ বিল বোর্ড অপসারণ করা হয়েছে।