ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এস আই নাজমুলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত রবিবার রাতে নগরের পাইকপাড়া এলাকার বাড়ি থেকে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে সদর মডেল থানা পুলিশের এস আই নাজমুল। পরবর্তীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠায়। পরে আদালত সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে তার পরিবারের অভিযোগ, পুলিশ সালাউদ্দিন দেওয়ানকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করে পুলিশ। এ সময় থানায় সালাউদ্দিনকে মারধরও করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকপাড়ার বাসিন্দা আবদুল কাদির বলেন, সালাউদ্দিন ভালো ছেলে। তাকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গণমাধ্যমে সংবাদ আসার পর এস আই নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।