টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় বাবলু মণ্ডল (৩৫) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী নিহত হন। অন্যদিকে, এদিন সকালে গোপালপুর উপজেলায় ট্রাক্টর খাদে পড়ে তোফাজ্জল হোসেন নামে ওই ট্রাক্টরের চালক নিহত হন।
নিহত বাবলু কালিহাতী উপজেলার মাছোহাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং ট্রাক্টরচালক তোফাজ্জল হোসেন গোপালপুরের সুন্দরগ্রামের ইনসান আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী দূরদিগন্ত পরিবহনের একটি বাস জোকারচর বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী নিহত হন। এ ছাড়া, ভ্যানের চালকসহ আরও দুই জন আহত হন। এঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।’
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, সকালে উপজেলার নবগ্রামে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই ট্রাক্টরের চালক তোফাজ্জল হোসেন মারা যান। কারও কোনও অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।