‘বিএনপির কাজই হচ্ছে, ভালো কাজেরও সমালোচনা করা’

বক্তব্য রাখছেন জাহিদ মালেক স্বপন (ছবি– প্রতিনিধি)

উন্নয়নের পাশাপাশি দেশকে দুর্নীতিমুক্ত করা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, ‘উন্নয়ন দেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করেছেন জনগণ। বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা কৌশল খুঁজছে। তাদের কাজই হচ্ছে, ভালো কাজেরও সমালোচনা করা।’

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক স্বপন বলেন, ‘স্বাস্থ্য বিভাগে আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এই গৌরব মানিকগঞ্জবাসীর।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। দেশের উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থারও চিন্তা করেন। দেশ কীভাবে এগিয়ে যাবে, তা নিয়েই তিনি সবসময় কাজ করেন।’

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহী উদ্দীনের সভাপতিত্বে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন– জাহিদ মালেক স্বপনের স্ত্রী সাবানা মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।