কালীগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

গণপিটুনিগাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাতনামা দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার রাথুরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের একজন নরসিংদী জেলার ওমর ফারুক বলে জানিয়েছে গ্রামবাসী। ডাকাতেরা একটি বাড়িতে ডাকাতি শেষে প্রতিবেশী আরেকটি বাড়িতে ডাকাতি করতে গেলে গ্রামবাসী দু’জনকে আটক করে। অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হতয়। এর আগেও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ করেছেন গ্রামবাসী।
আটক ডাকাতদের কাছ থেকে ব্যবহৃত রাম দা, চাপাতি, কাটার ও দরজা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জের নাগরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির ও গ্রামবাসী জানান, রাত আনুমানিক ২টার দিকে কমপক্ষে ১০ জনের একদল ডাকাত রাথুরা এলাকার রাবেয়া বেগমের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। পরে প্রতিবেশী সায়েম আকন্দের বাড়ির গেটের তালা কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানায়। পরে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।
স্থানীয় উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মাওলা বলেন, ‘ডাকাতদের আটক করে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিগত সময়ে অন্য যেসব ডাকাতির অভিযোগ রয়েছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। কালীগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় একজন আহত হয়েছেন। তবে ওইসব ঘটনায় মামলা হয়নি।