দুদকের বিচার চাইলেন জাহালম

স্ত্রী সন্তানের সঙ্গে জাহালমদুর্নীতি দমন কমিশনের (দুদক) বিচার চাইলেন জাহালম। দুদকের মামলায় 'ভুল' আসামি হয়ে তিন বছর কারাগারে ছিলেন তিনি। আবু সালেক ভেবে জাহালমের বিরুদ্ধে পাঁচ বছর আগে সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩৩টি মামলা করে দুদক। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর হাইকোর্টের নির্দেশে রবিবার মধ্যরাতে জাহালম কারাগার থেকে মুক্ত হন।

জাহালম টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিন বছর আগে গ্রেফতারের সময় জাহালম বারবার বলেছিলেন, ‘স্যার, আমি জাহালম, আবু সালেক না। আমি নির্দোষ।’ তবে জুটমিল শ্রমিক জাহালমের কোনও কথাই সে সময় পুলিশ কিংবা দুদক শোনেনি। ফলে আসল আসামি সালেকের পরিবর্তে জাহালমকেই ৩ বছর কারাভোগ করতে হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) তার গ্রামের বাড়ি গেলে জাহালম বলেন, ‘আমার জীবন থেকে তিনটি বছর দুদক কেড়ে নিয়েছে। আমি বারবার নির্দোষ বলার পরও তারা আমার কোনও কথা শোনেননি। দুদকের ভুলের কারণে আমি স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোনদের আদর, ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। আমরা নিরীহ মানুষ, ঋণ করে আমার পরিবার মামলা চালিয়েছে। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি চাকরিটাও হারিয়েছি।’

পরিবারের সঙ্গে জাহালমতিনি আরও বলেন, ‘আমি দুদকের বিচার চাই। আমার মতো কোনো নিরপরাধ মানুষের যেন দুদক ক্ষতি না করে।’

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা দেয় দুদক। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দুদকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাহালমের বাড়ির ঠিকানায় চিঠি দেয় দুদক। জাহালম সে সময় নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলে কাজ করতেন। নির্দিষ্ট দিনে দুদকে হাজিরা দিয়ে জাহালম আবার তার নরসিংদীর জুটমিলের কর্মস্থলে চলে যান। এর দুই বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালের ওই জুটমিল থেকে জাহালমকে গ্রেফতার করে নাগরপুর থানায় আনা হয়। পরদিন তাকে টাঙ্গাইলের আদালতে তোলা হলে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন বিচারক। ৭ দিন টাঙ্গাইল কারাগারে রাখার পর তাকে কাশিমপুর-২ কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিন বছর সেখানে কারাবন্দি ছিলেন জাহালম। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে আদালতের। এরপর রবিবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্ট তাকে মুক্তির নির্দেশ দেন। পরে রবিবার মধ্যরাতে তাকে মুক্তি দেন কারা কর্তৃপক্ষ। মুক্তি পেয়ে টাঙ্গাইলে নিজের বাড়িতে চলে যান জাহালম।