কেরানীগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহে এলিদ মাইনুল আমিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।VANGKCHUR- P
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মো. মিরাজ হোসেন জানিয়েছেন, কালিন্দী ইউনিয়নের বোরহানীবাগ ও গদারবাগ এলাকায় খালের জায়গা দখল করে এক শ্রেণির মানুষ দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছিল। এসব অবৈধ দখলদারদের হাত থেকে খাল দুইটি উদ্ধারের জন্য ওই এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ক্লাব, টং ঘর, দোকানপাট, টিনশেড ঘর  ও আধা-পাকা ঘরসহ ৫০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। তারপর খালের সীমানা নির্ধারণ করে দিয়ে অবৈধ দখলদারদের সর্তক করা হয়।
এই উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি)অফিসের সার্ভেয়ার হারুন-অর-রশিদ, অফিস সহকারী রাজিব দত্ত, কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক লীগের সভাপতি মো. বছিরসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন বলেছেন, ‘কেউ সরকারি খাল বা নদী দখল করে রাখতে পারবে না। যারা দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’