টাঙ্গাইল পৌরসভার সন্তোষ থেকে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে সোহেল রানা (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র্যাবের একটি দল সন্তোষ মাদারকোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সোহেল রানা ওই এলাকার সামাদ মিয়ার ছেলে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি ও অপারেশন কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, গত ২৫ ফেব্রুয়ারি পৌর শহরের সন্তোষ মাদারকোল এলাকার বাসিন্দা ও নির্যাতিতার বাবা টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। মেয়েকে ধর্ষণ ও ধর্ষণচিত্রের ভিডিও ধারণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনি মামলাটি করেন। ওই মামলার প্রধান আসামি সোহেল রানাকে (১৯) মঙ্গলবার সকালে সন্তোষ মাদারকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়। মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তবে পলাতক থাকায় মামলার অপর আসামি ও সহযোগী সুজনকে গ্রেফতার করতে পারেনি র্যাব। সুজনকে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি সোহেল ধর্ষণসহ ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব কমান্ডার।