নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিহতের স্বজনের আহাজারিনারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাটির আরও তিন যাত্রী ও বাসের চালক। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন, আব্দুল আওয়াল ও আলী হোসেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহতরা হলেন—পাগলা পশ্চিমপাড়া এলাকার শুভ বাড়ৈ, জাজিরা গনি মানিকের কান্দি এলাকার আব্দুল হামিদ মল্লিকের মেয়ে মিম আক্তার, পাগলা তালতলা এলাকার সেলিম আকন্দের মেয়ে আয়শা আক্তার ও বাসের চালক সোহাগ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা এলাকায় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

ওসি মঞ্জুর কাদের জানান, আনন্দ পরিবহনের বাস ও আহত চালক সোহাগকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।