গাজীপুরে আলু বোঝাই ট্রাক থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

এক হাজার বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতারআলুবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর বাইপাস মোড় থেকে র‌্যাব-১ সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কাঁঠাল হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৩২) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের তোতা শেখের ছেলে রুবেল শেখ (২০)।

বুধবার বিকেল পাঁচটার দিকে র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় র‌্যাব চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী আলুবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় আলুর বস্তার নিচে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ ১ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।