গাজীপুরে একটি বাগান বাড়ির পুকুরের ঘাটলার ছাদ ভাঙার সময় চাপা পড়ে ফুল মিয়া (৩০)নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় বাগান বিলাস নামে একটি বাগান বাড়ি এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান।
তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মধ্য উড়িয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি বাঙ্গালগাছ এলাকার মান্নান উকিলের বাড়িতে ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় বাগান বিলাস নামে একটি বাগান বাড়ির সংষ্কার কাজ চলছে। বৃহস্পতিবার ৮/১০ জন শ্রমিক ওই বাগান বাড়ির পুকুরের ঘাটলার পুরনো ছাদ ভাঙার কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত ছাদটি ভেঙ্গে নির্মাণ শ্রমিক ফুল মিয়ার ওপর পড়ে। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিবহন ও সৎকারের সব খরচ বাগান বিলাস কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছে।
বাগান বাড়ির ম্যানেজার জিল্লুর রহমান হিরন জানান, আমরা ১০ জন শ্রমিককে চুক্তিভিত্তিক ওই কাজগুলো করার জন্য নিয়োগ দিয়েছিলাম।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া জানান, স্থাপনাটি ভাঙ্গার পদ্ধতি সঠিক ছিল না তাই এই দুর্ঘটনা ঘটেছে।