কেরানীগঞ্জে নির্মাণাধীন কালভার্টের মাটি ধসে নিহত ২, আহত ৩

 

কালভার্ট তৈরির সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত

ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিন শ্রমিক। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের ধর্মশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কাছুয়া মিয়ার ছেলে মো.আওয়ালিয়া (২৮) ও আবুল কাশেমের ছেলে মো.মশিউর মিয়া (৩৫)।  

আহতরা হলেন,মো.আমিনুর রহমান (৪২), মো. আরিফ হোসেন (৩০) এবং মো. আব্দুল মজিদ (৩৪)। আহতদের উদ্ধার করে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ও আহতরা সবাই নিকুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের বান্দা বাজার গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার দলীয় কয়েকজন নেতার তত্ত্বাবধানে ধর্মশুরে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। সকালে ৭/৮ জন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করে। এসময় হঠাৎ করে মাটি ধসে তাদের ওপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মো. আওয়ালিয়া ও মো. মশিউর মিয়া নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।