ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কিশোর ইমন হত্যা মামলার আসামি তার ভগ্নিপতি মো. রফিকুল ইসলামকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেফতার করার পর সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর ময়মনসিংহ এলাকার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এখতেখার উদ্দিন জানান,‘পারিবারিক কলহের জের ধরে গত ২ মার্চ রফিক তার আপন শ্যালক ইমনকে হত্যা করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রফিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে তার স্ত্রী এবং নিহত ইমনের বড়বোন মনিরাকে প্রায়ই নির্যাতন করতো। এক পর্যায়ে মনিরা তার নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চলে আসে। স্ত্রীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রফিকুল গত ২ মার্চ সেখানে গিয়ে ইমনকে খেলার মাঠ থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনার পর ওইদিন রাতে নিহতের বাবা বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামি রফিকুল পলাতক ছিল।
সংবাদ সম্মেলন চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, সিনিয়র এডি চন্দন দেবনাথসহ র্যাবের অন্য কর্মকর্তারা।