যাত্রীবেশে ছিনতাইয়ের পর পালানোর সময় টাকাসহ গ্রেফতার ২

দুই ছিনতাইকারীকে আটকের পর পুলিমের কাছে হস্তান্তর

ফতুল্লায় যাত্রীবেশে এক যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে পুলিশ এক লাখ টাকা উদ্ধার করেছে। সদর উপজেলার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বৃহস্পতিবার দুপুর ০১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীরা হলো, রাজধানীর শ্যামপুর এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে জুয়েল (৩০) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শফিকের বাড়ির ভাড়াটিয়া মৃত.আ. ছাত্তার গাজির ছেলে জামাল  হোসেন ভুলু (৩৮)।  ছিনতাইয়ের শিকার আতাউর রহমান প্রাইম টেক্সটাইল মিলের একজন কর্মকর্তা।

তিনি জানান, গতকাল তিনি একটি সমিতি থেকে এক লাখ টাকা তুলে বাসায় রাখেন।

তিনি দুপুর ১২টার দিকে ফতুল্লার দেলপাড়া এলাকার বাসা থেকে টাকা নিয়ে শহরের চাষাঢ়ায় সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য মৌমিতা পরিবহনের বাসে উঠেন। বাসটি শিবুমার্কেট আসা মাত্রই যাত্রীবেশে এক ছিনতাইকারী তার সামনে দাঁড়িয়ে বমি করার চেষ্টা করে। তখন তিনি তাকে ধরার চেষ্টা করলে আরেকজন তার পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় বমির চেষ্টাকারীও বাস থেকে নেমে দৌড় দেয়।

বিষয়টি তখন তিনি বুঝতে পেরে চিৎকার দেন। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ছিনতাইকারী দুজনকে আটক করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার আতাউর রহমান এ ব্যাপারে মামলা করেছেন।