গাজীপুরে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। ঘটনার প্রায় ১০ মাস পর পলাতক এই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা আসামির নাম মো. কাওসার হোসেন (২২)। সে গাজীপুর জেলার সদর থানার জোলারপাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বুধবার র্যাব-১ স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ‘নির্যাতনের শিকার ওই ছাত্রী গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় এক বিদ্যালয়ে দশম শ্রেণির পড়তো। গত বছরের ৭ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাওসারসহ ৪/৫ জন যুবক ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় মোল্লাপাড়া এলাকার হোসনে আরা বেগমের বাড়ির একটি কক্ষে আটকে রাখে। পরে হাত-পা ও মুখ বেঁধে ওই ছাত্রীকে তারা রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় কাওসারকে প্রধান আসামি করে ৯ জুন থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি কাওসার পলাতক ছিল। প্রায় ১০ মাস পলাতক থাকার পর মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামি কাওসার গাজীপুর জেলা সদরের মাস্টারবাড়ি এলাকায় আপন টেলিকমের সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে আটক করে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।