নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল মিয়া (২৭) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহেল মিয়া ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি টাওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পরিদর্শক শহিদুল আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত সোহেলকে তুলে নিয়ে এলোপাতাড়ি কোপায় ও দুই পায়ের রগ কেটে দেয়। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যান সোহেল। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলো—মজিবুর রহমান, হাসান, ইউসুফ আলী ও সিরাজুল ইসলাম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’