সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩১ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় দুই লাখ মিটার কারেন্ট জাল, ৮টি মাছ ধরার ট্রলার ও ১২০ কেজি জাটকা জব্দ করা হয়।
নড়িয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা নদীর মৎস্য অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকাসহ অন্যান্য মাছ ধরার অপরাধে নড়িয়ার সুরেশ্বর, ওয়াপদা ও চন্ডীপুর এলাকা থেকে ৩১ জন জেলেকে আটক করে পুলিশ। এছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত ৮ টি ট্রলার ও ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১২০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ জালটি পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন,‘নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩১ জেলেকে বিভিন্ন ধরণের দণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।