শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদরঘাট নৌ-টার্মিনালে এমভি সুন্দরবন-১১ লঞ্চে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন ও নৌ-র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন অধিদফতর ও নৌপরিবহন মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে সদরঘাট টার্মিনাল থেকে একটি নৌ-র্যালি বের হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়ে আবার সদরঘাট টার্মিনালে ফিরে আসে। এ সময় নানা রঙে সজ্জিত ১০-১২টি লঞ্চ নৌ-র্যালিতে অংশ নেয়।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭২ সালে নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। নৌপথে যাতায়াত নিরাপদ ও আনন্দময়। যা অন্য কোনও পথে নেই। নৌপথ আমাদের হাজার বছরের ঐতিহ্য। তাই আমরা নৌপথকে আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি। দেশের সব পুরোনো নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশের নৌপথের পরিবেশ এমনভাবে সৃষ্টি করতে হবে, যেন পর্যটকরা আকৃষ্ট হন।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যখন ঢাকায় আসেন, নৌপথেই আসেন। এক সময় ঢাকায় পর্তুগিজরা ব্যবসা করার জন্য আসতো। এখন আর কেউ এ পথে আসতে চায় না। কারণ এখন ঢাকার সেই পরিবেশ নেই। আমাদের ঢাকার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সদরঘাট, মেরি অ্যান্ডারসন ও পাগলা ঘাটে পর্যটকরা যেন এসে আমাদের প্রশংসা করে; ঘাটগুলোকে সেরকম পরিবেশেই পরিণত করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা নদীকে নিয়ে অনেক কবিতা লিখেছেন। নদী হারিয়ে গেলে এ ধরনের কবির জন্ম হবে না। যে জাতীর মধ্যে কবি, সাহিত্যিক নেই, সে জাতি কোনোদিন আলোকিত হতে পারে না। তাই নদীকে ভালোবাসতে হবে। বাঁচিয়ে রাখতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আগে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করা হতো না। গত ১০ বছর ধরে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। ১০ বছরে বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে অনেক ড্রেজার যোগ হয়েছে। বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে ডেজিং করতে হবে। বুড়িগঙ্গার তলদেশে যে পরিমাণ পলিথিনসহ ময়লার স্তুপ জমেছে, তা পরিষ্কার করতে হলে, স্পেশাল ড্রেজারের প্রয়োজন হবে।’
অনুষ্ঠানে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, নৌপরিবহন সচিব মো. আব্দুস সামাদ, বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান কমোডর মাহবুব-উল-ইসলাম, নৌ-পুলিশের ডিআইজ শেখ মোহাম্মদ মারুফ হাসান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু ও নৌ-পরিবহন অধিদফতরের প্রকৌশলী মো. মঞ্জুরুল কবীর প্রমুখ।