অবৈধ ড্রেজিংয়ে নিষেধ করায় ভূমি কর্মকর্তাসহ তিনজনকে মারধর, দু’জনের জেল

টাঙ্গাইলটাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজিংয়ে নিষেধ করায় ভূমি কর্মকর্তাসহ তিনজনকে মারধরের ঘটনায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আহত ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বাসাইল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্য জানিয়েছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার কাশিল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন, অফিস সহকারী আলমগীর হোসেন ও উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী আবু মাসুদ খান কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দাপনাজোর এলাকায় ঝিনাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযানে যান। এসময় বালু ব্যবসায়ী ওই এলাকার জাকির, আনোয়ার, আব্দুল মান্নান, আসাদসহ অন্তত ৮০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার হাসপাতালে পাঠান। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমান আলীকে (৬০) এক বছর ও আরমান আলী জাকিরকে (৬৪) ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আশরাফুন নাহার বলেন, ‘ঝিনাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ তিনজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় অবৈধ বালু ব্যবসায়ীরা তাদের তিনজনকে পিটিয়ে আহত করে।’
তিনি আরও বলেন, ‘সরকারি কর্মচারীদের সরকারি কাজে বাধা দেওয়া ও শারিরীকভাবে লাঞ্ছিতের অপরাধে ইউএনও স্যারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।