রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই পিকুল বিশ্বাসকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ মে) রাতে সরিষাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাংশা থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পিকুল বিশ্বাস সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১টার দিকে পিকুল বিশ্বাস সরিষাবাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তার গতি রোধ করে গুলি করে ও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আহসান উল্লাহ জানান, কে বা করা পিকুল বিশ্বাসকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।