দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী জানান, ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের সব নৌবন্দরে সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, গত বৃহস্পতিবার (২ মে) দুপুর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড় ফণী চলে যাওয়ার পর, রবিবার সকাল ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ফণীর প্রভাবে ঝড়ো বাতাস ও নদীতে ঢেউয়ের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে গত শুক্রবার (৩ মে) দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ঝড়ের প্রভাব কিছুটা কমে আসলে দুই দফা পরীক্ষামূলকভাবে ছোট ফেরি চলাচল করে। ফণী চলে যাওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার (৪ মে) মধ্যরাত থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অনেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঘাটে পারের অপেক্ষায় বসে থাকলেও বেশির ভাগই ফিরে যেতে বাধ্য হন।