পবিত্র ঈদুল ফিতরে পদ্মা নদীতে যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ৩টি ফেরি মেরামতের জন্য পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। তাই এই রুটে দেখা দিয়েছে ফেরী সংকট। কম সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার করার কারণে বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ঘাটের সর্বশেষ অবস্থা দেখা যায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ৩টি ফেরি মেরামত করার জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নেওয়া হয়েছে। আরেকটি ফেরি বসে আছে ঘাট প্রান্তে।
বাকি ১৪টি ছোটবড় ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যে কারণে দীর্ঘ সময় ধরে দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় আছে শতাধিক ছোটবড় যানবাহন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে মোট ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে আমানত শাহসহ ৩টি বড় ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নেওয়া হয়েছে, ১টি ফেরি কূলে রয়েছে, অর্থাৎ এই রুটে বর্তমানে ছোটবড় মোট ১৪টি ফেরি যানবাহন পারাপার করছে। বর্তমানে ঘাটে যানবাহনের চাপ বেশি থাকায় কয়েকশ’ যানবাহন পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে। ঈদের আগে মেরামতে পাঠানো ফেরিগুলো বহরে যোগ হলে আশা করছি আর কোনও যানবাহনের দীর্ঘ সিরিয়াল হবে না।