রবিবার (২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। যারা তাকে অস্বীকার করেন, তারা দেশের গণতন্ত্রকে অস্বীকার করেন।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশে এখন মানুষের কোনও অধিকার নেই। কেউ কোনও কথা বলতে পারে না। কোনও সময় বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাই হয়নি। এখন তা হয়।’
বিএনপির এই নেতা বলেন,‘খালেদা জিয়া লড়াই করে স্বৈরতন্ত্র হটিয়ে গণতন্ত্র এনেছিলেন। আর তাকেই এখন মিথ্যা অভিযোগে দেড় বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করেই মুক্ত করতে হবে।
সামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা যখন কোনও ইস্যুতে মাঠে নামবে, দেখবেন হাজার হাজার, লাখ লাখ মানুষ আপনাদের পেছনে এসে দাঁড়াবে। আওয়ামী লীগ সরকারে আমলে যেভাবে টাকা পয়সা লুটপাট হচ্ছে, শেয়ার বাজারের কত টাকা পাচার হয়ে যাচ্ছে, তার কোনও হিসাব নেই। এ জন্য কত বছরের জেল হওয়া উচিৎ, সেটা অংকে হিসাব করে বলা যাবে না।’
মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদল নেতা আবুল কায়সার আশা।