রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও লেগুনার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩২), একই জেলার বাজিতপুর থানাধীন পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৪) ও লেগুনার চালক (অজ্ঞাত)।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই আব্দুস সামাদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে লেগুনা (ঢাকা মেট্রো-ন-১৩-৮৪৫৯) যাত্রী নিয়ে ভৈরব যাওয়ার পথে সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় পৌঁছালে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় আহত ১০ জনকে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর কাচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেন।