শ্রীনগরে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গৃহবধূ জিয়াসমিনমুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিজ বাড়িতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ গৃহবধূ জিয়াসমিনকে (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিয়াসমিনের বাবার বাড়ির স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে তিনি ঝলসে গেছেন। শুক্রবার (৭ জুন) দুপুরে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে স্বজনদের কাছে অগ্নিদগ্ধ জিয়াসমিনের এক ভিডিও ফুটেজেও ঘটনার জন্য তার স্বামীকে দোষারোপ করতে শোনা গেছে। তবে পুলিশ বলছে, জিয়াসমিন দগ্ধ অবস্থায় চিকিৎসকদের জানিয়েছেন তিনি নিজে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ঘটনার পর থেকে জিয়াসমিনের স্বামী সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

এ ঘটনায় শনিবার (৮ জুন) রাত ১২টা পর্যন্ত শ্রীনগর থানায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী। তিনি বলেন, ‘গৃহবধূ জিয়াসমিন ডাক্তারের কাছে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। এ কারণে এখনও মামলা হয়নি। তাছাড়া, তার স্বজনরা এখন তার চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

ওসি ইউনুচ আলী জানান, ঘটনার পর থেকে জিয়াসমিনের স্বামী পলাতক আছেন। এছাড়া শনিবার পুলিশ সুপার মো. জায়েদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জিয়াসমিনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াসমিন শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকসা গ্রামের মৃত আব্দুল আজীজ চৌধুরীর মেয়ে। তার এক মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী এক ছেলে রয়েছে। বিযের পর থেকে জিয়াসমিনের ওপর তার স্বামী সিরাজুল ইসলাম প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

তার ভাই সাব্বির হোসেন অভিযোগ করেন, ‘সিরাজুলের সঙ্গে আমার বোন জিয়াসমিনের বিয়ের পর থেকেই নানান ঝামেলা হয়েছে। তাদের দুটি ছেলে-মেয়ে, এর মধ্যে মেয়েটি প্রতিবন্ধী। এ নিয়েও জিয়াসমিনের ওপর নির্যাতন করা হতো। সিরাজ কোনও কাজ করতেন না, ঘুরে-ফিরে খেতেন। ঈদের সময় বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে জিয়াসমিনের ঝগড়া হয়, এর জেরে সিরাজুল কেরোসিন ঢেলে জিয়াসমিনের গায়ে আগুন দেয়।’

এদিকে স্বজনদের ধারণ করা ভিডিওতে আইসিইউতে চিকিৎসাধীন জিয়াসমিনকে বলতে শোনা গেছে, ‌‘আমার স্বামী আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমার জীবনটা শেষ করে দিয়েছে।’

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, জিয়াসমিনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।