কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

গাজীপুরের কাপাসিয়ায় বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য বাঁশের খুঁটিতে টেলিভিশনের অ্যান্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাবা এমারত হোসেন (৪৫) ও ছেলে সেলিম (২১)। নিহত এমারত মৌসুমী ফলের ব্যবসা করতেন এবং তার ছেলে সেলিম স্থানীয় একটি কলেজে লেখাপড়া করার পাশাপাশি একটি কারখানায় চাকরি করতেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কালডাইয়া গ্রামে ডিশ সংযোগ না থাকায় খেলা দেখার জন্য বাবা ও ছেলে একটি কাঁচা বাঁশের খুঁটির মাথায়ে অ্যান্টেনা বেঁধে মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন। কিন্তু বাঁশটি ঠিকমত না পোঁতায় কাত হয়ে পাশে থাকা ৪২০ ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। এসময় কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের সেবা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কোনও অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।