ঢাকার সাভারে পৃথক স্থান থেকে নারীসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) রাত থেকে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সাভারের আশুলিয়ার ভলিবদ্র বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অজ্ঞাত (৬০) বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এদিকে, বুধবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে সনিয়া আফরিন (২৬) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার শামসুদ্দিন মোল্লার মেয়ে এবং ডেন্ডাবর এলাকায় ভাড়া বাড়িতে থেকে বিউটি পার্লারের ব্যবসা করতেন।
অপরদিকে, বুধবার রাতেই আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি পোশাক কারখানার পাশ থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই রাতেই সাভার পৌর এলাকার উলাইল মহল্লার ভাণ্ডারিয়ার মোড় থেকে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হবে।’