৯৯৯-এ ফোন, এক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ট্রাক ফিরে পেলেন মালিক

জরুরি সেবা ৯৯৯

সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার এক ঘণ্টার মাথায় রাজধানীর আফতাব নগর থেকে চুরি হওয়া ট্রাক ফিরে পেলেন মালিক। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আফতাব নগর থেকে ট্রাকটি চুরি হলে ৯৯৯ নম্বরে ফোন করেন মালিক। এর ঘণ্টা খানেকের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে আফতাব নগরে একটি গ্যারেজে ট্রাক (ঢাকা- মেট্রো-ড-১২-১১৫৯) রেখে বাসায় যান মালিক। আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে গ্যারেজে গিয়ে দেখতে পান, তার ট্রাক নেই। এসময় তিনি ৯৯৯ নম্বরে ফোন দেন এবং চুরি হওয়া ট্রাকের বিবরণ দেন। পরে সেখান থেকে সোনারগাঁ থানায় বিষয়টি অবহিত করা হলে পুলিশ কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করে। এরপর কন্ট্রোল রুমে দেওয়া মোবাইল ফোন নম্বরে কল দিয়ে মালিককে ডেকে এনে কাগজপত্র যাচাই করে ট্রাক বুঝিয়ে দেওয়া হয়।’ চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

একই কথা জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন। তিনি বলেন, ‘কন্ট্রোল রুমে তথ্য দেওয়ার এক ঘণ্টার মধ্যে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে।’