বিএনপির আমলে স্বাস্থ্যে সেবার মান ছিল না: জাহিদ মালেক

বক্তব্য রাখছেন জাহিদ মালেক (ছবি– প্রতিনিধি)

বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের স্বাস্থ্য খাতে সেবার মান ছিল না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন এনে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।’

শনিবার (২২ জুন) দুপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল কম্পাউন্ডে বিনামূল্যে দুইদিনের চক্ষু ক্যাম্পের উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

জাহিদ মালেক স্বপন বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। তাদের সময় দেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা।’

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের সভাপতিত্বে অন্যের মধ্যে বক্তব্য রাখেন– জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।