এবার নারায়ণগঞ্জে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ

বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছে নারায়ণগঞ্জে। শুক্রবার (২৮ জুন) দুপুরে বক্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহিন মিয়াকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলতাফ হোসেনকে (৫৫) শনিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বন্দরের জেলেপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন শাহিন। তার স্ত্রীকে প্রায়ই রাস্তায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো বল্টু আমজাদ হোসেন। এ ব্যাপারে শাহিন বাদী হয়ে আমজাদের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ওই এলাকা ছেড়ে বন্দরের বক্তারকান্দি এলাকায় বাসা ভাড়া নেন শাহিন।
কয়েকদিন পর খোঁজ-খবর নিয়ে আমজাদ বক্তারকান্দি এলাকায় গিয়ে শাহিনের স্ত্রীকে ফের উত্ত্যক্ত করতে থাকে। শুক্রবার সকালে শাহিনকে রাস্তায় একা পেয়ে চর মারে আমজাদ। দুপুরে স্ত্রীকে নিয়ে রিকশায় ঘুরতে বের হন তিনি। এ সময় আমজাদ তার দুই ছেলে আপন ও শফিক, তার ভাই টুন্ডা মনিরসহ অজ্ঞাত চার-পাঁচজন মিলে স্ত্রীর সামনে রিকশা থেকে নামিয়ে শাহিনকে লাঠি দিয়ে পেটাতে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শাহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহিনের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় আমজাদসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
শনিবার সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলতাফ নামে এক আসামিকে গ্রেফতার করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমজাদসহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘পূর্বশত্রুতা ও নারী নির্যাতন মামলা তুলে নিতে শাহিনকে কুপিয়ে আহত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনায় জড়িত গ্রেফতার আলতাফকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’