সাভারে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

চাঁদাবাজির সময় গ্রেফতার তিন যুবক

সাভারে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ সদস্যসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

আটক ব্যক্তিরা হচ্ছে, সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবু (৩৯), মঞ্জু রহমান (৩৩) ও খোকন (৩৬)।

সোমবার গভীর রাতে সাভারের ব্যাংক টাউন এলাকার বটতলা মহল্লার একটি ফার্মেসিতে চাঁদাবাজির সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, ওই তিন যুবক সোমবার রাতে রাজিবুল রহমানের ফার্মেসিতে গিয়ে ডিবি পরিচয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে তারা তিন যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মঙ্গলবার দুপুরে এ ঘটনায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা হয়েছে। পরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল গনি বলেন, ‘তিনি বিষয়টি শুনেছেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’