গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

নরসিংদীনরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় প্রকাশ্যে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের জোনাল অফিসার জানান, দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন ফজল। এসময় সেখানে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে ফের ফজলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত ব্যাংক কর্মকর্তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কতো টাকা ছিনতাই হয়েছে তা এখনও জানতে পারিনি। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।’