সম্প্রতি পদ্মায় ধরা পড়া বাগাইড় মাছরাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায়ই ধরা পড়ছে বড় বড় মাছ। এর মধ্যে বাঘাইর, রুই, কাতল, বোয়াল উল্লেখযোগ্য। গত বুধবার (৩ জুলাই) ও বৃহস্পতিবার (৪ জুলাই) ধরা পড়ে ২০ ও ২২ কেজি ওজনের দু’টি বাঘাইর মাছ। যা নজর কাড়ে স্থানীয়দের। মাছ দু’টি দেখতে দৌলতদিয়া ফেরি ঘাটে ভিড় করেন শত শত মানুষ।
স্থানীয়রা জানান, বড় মাছ ধরা পড়লে তা দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করেন। কিনতে না পারলেও দেখতে ভালো লাগে।
জেলেদের জালে ধরা পড়ে এই বাগাইড় মাছমাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা জানান, গত বুধবার ভোরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে মদন হালদারের জালে ২২ কেজি এবং বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলার গোপালের জালে ২০ কেজি ওজনের দু’টি বাঘাইর ধরা পড়ে। মাছ দু’টি তিনি ৮০০ ও ৮২০ টাকা কেজি দরে তাদের কাছ থেকে কেনেন। এরপর তিনি ৯০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
জেলে মদন হালদারের বরাত দিয়ে ব্যবসায়ী মাসুদ মোল্লা আরও জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে সাথীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান মদন হালদার। সারারাত কয়েকটি ইলিশসহ সামান্য কিছু মাছ পান। এরপর শেষ রাতের দিকে যখন জাল নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় তার জালে বড় ঝাঁকুনি খায়। তিনি বুঝতে পারেন জালে বড় মাছ পড়েছে। এরপর আস্তে আস্তে জাল টেনে নৌকার কাছে আনার পর আবছা আলোয় দেখতে পান, বড় আকৃতির মাছ জালে আটকে আছে। এক ঘণ্টা চেষ্টার পর মাছটিকে নৌকায় তুলতে সক্ষম হন তারা।