গাজীপুর পুলিশ সুপারের আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে তাদের আটক করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার এ কথা জানান।
আটকরা হলেন, ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলী আফজালের ছেলে সৈয়দ মাহনুর হাসান জুয়েল (৩২) ও তার বড় ভাই সৈয়দ মাহবুব হোসেন (৪৮)।
পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার জানান, গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার (এসপি) আত্মীয় পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশীদের অভিভাবকের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৈয়দ মাহনুর হাসান জুয়েলকে ঢাকা থেকে আটক করা হয়। পরে জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বড় ভাই সৈয়দ মাহবুব হোসেনকে গাজীপুরের মৌচাক থেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ১১ জেলার ১৫ প্রার্থীকে কনস্টেবলের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, পরীক্ষার প্রবেশ পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা প্রক্রিয়াধীন রয়েছে।