ভোক্তা অধিকার মাদারীপুর কার্যালয়ের ভাড়া করা গাড়িচালকের কারাদণ্ড

সাইদুর রহমান মাদারীপুরের কালকিনির ভূরঘাটা বজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়ার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম সাইদুর রহমান (৪০)। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুর জেলা কার্যালয়ের ভাড়া করা গাড়িচালক। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এই কারাদণ্ডাদেশ  দেন।

ইউএনও আমিনুল ইসলাম জানান, ‘সাইদুর রহমান ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুর জেলার সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ‘আমার অগোচরে গাড়িচালক সাইদুর রহমান দোকান থেকে টাকা আদায় করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে উলপুর গ্রামের সামসুদ্দিন খানের ছেলে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনির ভূরঘাটা বাজারে তদারকি (অভিযান) করা হয়। তখন গাড়িচালক সাইদুর রহমান বিভিন্ন দোকানে দোকানে গিয়ে টাকা নেন। ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।